বরিশালে ইংরেজি ২য় পত্রে বরিশাল বোর্ডে ১০ পরীক্ষার্থী বহিষ্কার
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা স্বাক্ষরিত দৈনিক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের ৬ জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৬৫৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ হাজার ৯৯৩ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠিতে ১ জন এবং পটুয়াখালী জেলায় ৬ জন রয়েছে। তবে কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।